শিক্ষকের বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার

কুয়েটে ১৯ শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

আপডেট : ২২ এপ্রিল ২০১৩, ২৩:০৩
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পুরকৌশল বিভাগীয় শিক্ষকের নামে বিভিন্ন ব্লগ ও ফেসবুকে মানহানিকর প্রচারণা চালানোর অভিযোগে কর্তৃপক্ষ বিভিন্ন মেয়াদে ৯ শিক্ষার্থীকে বহিষ্কার ও জরিমানা এবং ১০ জনের বিরুদ্ধে সতর্কীকরণ ব্যবস্থা গ্রহণ করেছে। বহিষ্কারকৃত শিক্ষার্থীরা হল-পুরকৌশল বিভাগের জোহনা পারভীন (২ বছর), সিএসই বিভাগের এসএম এহসানুল হক (১ বছর), সিএসই বিভাগের আব্দু্ল্লাহ (৬ মাস), ইলেক্ট্রিক্যাল বিভাগের গিয়াস বিন রহমান (৬ মাস) এবং ইলেক্ট্রিক্যাল বিভাগের আবু সুফিয়ান (৬ মাস)। ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে চার শিক্ষার্থীকে। এরা হচ্ছে ইলেক্ট্রিক্যাল বিভাগের দিপংকর দত্ত পার্থ, মো. রিসাদ আজিম সাথিন, পুরকৌশল বিভাগের ফাহমিয়া সুপ্রিয়া সেতু ও প্রসঞ্জিত সরকার জয়। এছাড়া আরো ১০ জনকে সতর্ক করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সভায় ঐ শিক্ষার্থীদের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হয় বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মনোজ কুমার মজুমদার। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গত ৪ এপ্রিল তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের সেন্ট্রাল মৌখিক পরীক্ষার সময় জোহনা পারভীন নামের এক ছাত্রীকে সহকারী অধ্যাপক মো. রাফিজুল ইসলাম একটি প্রশ্নের উত্তর লিখিতভাবে দেয়ার জন্য বললে তিনি কলম আনেনি বলে জানান। এসময় তিনি এ শিক্ষার্থীকে কলম নিয়ে আসতে বললে, তিনি কক্ষ থেকে বের হয়ে চলে যান। পরবর্তীতে জোহনা পারভীন ও তার বন্ধুরা কুয়েট ভাইস-চ্যান্সেলরের কাছে ওই শিক্ষকের বিরুদ্ধে স্মারকলিপি প্রদান করেন। অন্যদিকে তারা বিভিন্ন ব্লগ ও ফেসবুকে শিক্ষক রাফিজুল ইসলামের নামে মানহানিকর বক্তব্য প্রকাশ করেন। এরই প্রতিবাদে পুরকৌশল বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা জড়িতদের শাস্তি দাবি করলে কর্তৃপক্ষ এ ব্যবস্থা নেয়।