ওয়াই-ফাই তথ্য ধারণ করায় গুগলকে জরিমানা

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ১৯:৫৩
জার্মানিতে ১ লক্ষ ৪৫ হাজার ইউরো (১ লক্ষ ২৫ হাজার পাউন্ড) জরিমানার মুখে পড়েছে গুগল। জার্মানির ডাটা রেগুলেটরি অথোরিটি তাদের এই জরিমানা করেছে। জার্মানির আনসিকিউরড ওয়াই-ফাই নেটওয়ার্ক থেকে তথ্য ধারণ করায় গুগলকে এই জরিমানা করা হয়। এই ধরনের নেটওয়ার্ক থেকে তথ্য ধারণ করে রাখার কোনো আইনি সমর্থন না থাকলেও গুগল এই তথ্য ধারণ করায় তাদের জরিমানা করা হয়েছে। গুগল’র এই তথ্য ধারণ করাকে জার্মানির ডাটা প্রটেকশন অথোরিটির পক্ষ থেকে স্মরণকালের সবচেয়ে বড় আইনি লংঘন বলে অভিহিত করা হয়েছে। তবে অবৈধভাবে তথ্য সংগ্রহ করায় যে পরিমাণ জরিমানা করা হয়েছে গুগলকে, তার পরিমাণকে কিছুটা কম বলেই মনে করছেন তারা। তবে গুগল জানিয়েছে, তারা কখনই সচেতনভাবে ব্যক্তিগত কোনো তথ্য ধারণ করে না। বিশেষ করে তাদের স্ট্রিট ভিউয়ের জন্য যেসব তথ্য ধারণ করা হয়েছে, সেগুলো বিভিন্ন স্থানের সব ধরনের নীতিমালা মেনেই গ্রহণ করা হয়েছে। জার্মানিতেও তারা যে তথ্য ধারণ করেছে, তা সচেতনভাবে করা হয়নি বলেই জানিয়েছে গুগল। আর জার্মানির ডাটা প্রটেকশন রেগুলেটরি নির্দেশনা মেনে তথ্যগুলো তারা ডিলিটও করে দিয়েছে। জার্মানিতে ধারণকৃত এসব তথ্য সম্পর্কে ডাটা রেগুলেটরের পক্ষ থেকে জানানো হয়, ‘গুগল যে ধরনের তথ্য সংগ্রহ করেছে, সেগুলোর মধ্যে অনেক ধরনের ব্যক্তিগত তথ্য রয়েছে। ইমেইল, পাসওয়াার্ড, ছবির মতো সব একান্ত ব্যক্তিগত তথ্যও তারা হস্তগত করেছে। আর সে কারণেই তাদের জরিমানার মুখে পড়তে হয়েছে।’ এদিকে গুগল চিফ এরিক স্মিথ বলেন, ‘কেউই পূর্ণাঙ্গরূপে নিঁখুত নয়। গুগলও তার ব্যতিক্রম নয়। তবে আমরা সবসময়ই আইন-কানুনের প্রতি শ্রদ্ধাশীল। ভবিষ্যতে আমরা আরও সতর্ক হব।’