পিডিবি ভালুকা অফিসের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে উপজেলার মরচী, নারাঙ্গী, বনকুয়া ও বগাজান গ্রামের ২ শতাধিক গ্রাহকের কাছ থেকে বিদ্যুত্ সরবরাহের নাম করে ওই এলাকার একটি প্রভাবশালী মহল হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষ টাকা। ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের মরচী বাজারস্থ পিডিবির ট্রান্সফরমার হতে ৬ কিলোমিটার অবৈধ ওই বিদ্যুত্ সরবরাহ লাইনে পুল হিসেবে ব্যবহার করা হয়েছে তাল, মেহগনি, কাঁঠাল, জয়নাসহ বিভিন্ন গাছ-গাছালী। ওই সকল বিদ্যুত্ গ্রাহকদের বাড়িতে তিনমাস পূর্বে বৈদ্যুতিক মিটার লাগানো হলেও, অদ্যবধি পর্যন্ত ওই সকল গ্রাহক পিডিবি ভালুকা অফিস থেকে কোন বৈদ্যুতিক বিলের কাগজ পাননি বলে জানিয়েছে গ্রাহকরা।
বগাজান গ্রামের মফিজ উদ্দীন ঢালী জানান, তার বাড়ির পাশের একটি গাছ থেকে তার বাড়িতে বিদ্যুত্ সংযোগ দেয়া হয়েছে। দু’দিন ধরে তার ঘরে বাতি জ্বললেও আলোর পরিমাণ একেবারেই কম। ওইসব অবৈধ গ্রাহক কমিটির সভাপতি স্বজল মাষ্টার জানান, তিনি পিডিবি ভালুকা আবাসিক প্রকৌশলী শাহ আলম ও ভালুকা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ ধনুকে জানিয়ে এলাকার স্বার্থে ওই পদ্ধতিতে বিদ্যুত্ লাইন স্থাপন করে বিদ্যুত্ সরবরাহ করা হয়েছে।
ভালুকার আবাসিক প্রকৌশলী শাহ আলম জানান, মরচী গ্রামের ঘটনাটি তিনি জানতে পেরে ১৪ এপ্রিল ওই এলাকায় গিয়ে ১শত ৫৮টি অবৈধ বিদ্যুত্ লাইনের সন্ধান পেয়েছেন, যার কোন কাগজপত্র ও ডিমান্ডনোট অফিসে জমা দেয়া হয়নি। এমন আরো শত শত অবৈধ সংযোগ রয়েছে যার হিসাব তিনি জানেন না। পরে তার নির্দেশে লাইনম্যানগণ ওইসব অবৈধ বিদ্যুত্ সংযোগ বিচ্ছিন্ন শুরু করলে গ্রাহক কমিটির ইন্দনে গ্রামবাসী তাদের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। এতে অফিসের একজন লাইনম্যান আহত হয়। পরে তারা ওই এলাকা থেকে পালিয়ে আসেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
