সিলেট নগরীতে হকার ও ব্যবসায়ী মুখোমুখি

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২০:৫০
সিলেট নগরীর কোর্ট পয়েন্টে ব্যবসায়ী ও হকার সংঘর্ষের ঘটনার পর মধূবন মার্কেট ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা বলেছেন, সিলেটের সকল মার্কেটের ব্যবসায়ীগণ ট্রেড লাইসেন্স গ্রহণ করে সরকারের ভ্যাট, ট্যাক্স আদায় করে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করছেন। কিন্তু হকাররা অবৈধভাবে ফুটপাত দখল করে জনসাধারণের অসুবিধা সৃষ্টি করে ব্যবসা করেছে। ব্যবসায়ীরা এসবের প্রতিকার দাবি করে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্দরবাজার, জিন্দাবাজার হকার মুক্ত রাখার আহ্বান জানান ও ব্যবসায়ীদের উপর হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান। এদিকে গত শনিবার রাতে নগরীর কোর্ট পয়েন্টে ব্যবসায়ী ও হকার ব্যাপক সংঘর্ষের ঘটনার তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কোতয়ালী থানার সহকারী কমিশনার (এসি) মল্লিক আহসান উদ্দিন সামিকে প্রধান করে ঘটনায় তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এ ব্যাপারে গত রবিবার রাতে মধুবন মার্কেট পুলিশ ও ব্যবসায়ী নেতৃবৃন্দের সভাও অনুষ্ঠিত হয়। এছাড়া সিলেট চেম্বারেও এ বিষয়ে পৃথক আরেকটি সভা অনুষ্ঠিত হয়েছে। মধুবন মার্কেট সমিতির সভাপতি মুক্তিযোদ্ধা আলহাজ্ব তুরণ মিয়ার সভাপতিত্বে সভায় পুলিশকে স্থায়ীভাবে হকার মুক্ত রাখার আহ্বান জানানো হয়। শনিবার রাতে একটি গেঞ্জি কেনাকে কেন্দ করে মধুবন মাকের্েটর এক ব্যবসায়ী ও হকারদের মধ্যে কথা কাটাকাটির জের ধরে সংঘর্ষে মধুবন মার্কেটের সেক্রেটারীসহ ৩০ জন আহত হন। সিলেট চেম্বারের নিন্দাঃ মধুবন মার্কেটের ব্যবসায়ীদের উপর হকারদের হামলার প্রতিবাদে সিলেট চেম্বারের কনফারেন্স হলে রবিবার সন্ধ্যায় সিলেটের বিভিন্ন মার্কেট কমিটি ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দের সাথে চেম্বার নেতৃবৃন্দের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের সিনিয়র সহ-সভাপতি জিয়াউল হক। সভায় ব্যবসায়ী নেতৃবৃন্দ ঘটনার তীব্র নিন্দা জানান এবং অনতিবিলম্বে হামলায় জড়িতদের গ্রেফতারসহ শহরের প্রত্যেকটি রাস্তা থেকে হকারদের উচ্ছেদের দাবি জানান।