কমলগঞ্জে জালের ফাঁদে ফেলে প্রায় অর্ধশতাধিক ঘুঘু পাখি শিকার করে জবাই করা ২টি পাখিসহ আটক এক ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা নগদ এক হাজার টাকা জরিমানা করেছেন। গত সোমবার বিকাল ৩টায় কমলগঞ্জ উপজেলার পতনউষার ইউনিয়নে ধূপাটিলা গ্রামে পাখি শিকারের সময় জবাইকৃত পাখি নিয়ে একজন পালিয়ে গেলেও কবির মিয়া নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতার সহায়তায় পুলিশ আটক করে। কুলাউড়া উপজেলার হাজীপুর ইউনিয়নের চি?িহ্নত পাখি শিকারী জামাল মিয়া এ কাজে সহায়তার জন্য কবির মিয়া নামে এক দিনমজুরকে নিয়ে এসে কমলগঞ্জ উপজেলার ধোপাটিলা গ্রামের ধান ক্ষেতে জাল পেতে রাখে। শমশেরনগর পুলিশ ফাঁড়ির এএসআই শিবলু শেখ জানান, আটক ব্যক্তিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। এ ব্যাপারে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম মিঞা বলেন, আটক পাখি শিকারীকে নগদ এক হাজার টাকা অনাদায়ে দুই মাসের জেল জরিমানা করা হয়েছে। তবে জবাই করা দু’টি পাখি মাটিতে পুঁতে রাখা হয়েছে।
