রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার জীবতলী এলাকায় সন্ত্রাসীদের গুলিতে শম্ভুলাল চাকমা নামের একজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির এমএন লারমা গ্রুপের সমর্থক বলে প্রাথমিকভাবে জানা গেছে।
গতকাল মঙ্গলবার সকাল সোয়া ৬টায় এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়নের জীবতলী গ্রামের বাসিন্দা শম্ভুলাল চাকমা (৬০) বাড়ির পাশে অবস্থিত একটি দোকানে চা খেতে বের হন। এ সময় ৩/৪ জনের একদল দুর্বৃত্তরা ওই দোকানটি ঘেরাও করে। পরে দুর্বৃত্তরা শম্ভুলালকে দোকান থেকে বাইরে নিয়ে গিয়ে খুব কাছ থেকে গুলি করে। এতে ঘটনাস্থলে তার মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা স্থান ত্যাগ করে। খবর পেয়ে বিজিবি ও পুলিশ সদ্যরা লাশ উদ্ধার করতে ঘটনাস্থলে যায়।
