শরীয়তপুর প্রতিনিধি
শরীয়তপুরে এক শিশুকে ধর্ষণ ও হত্যা মামলায় চারজনকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুস ছালাম খান এ আদেশ দেন। একই সঙ্গে আদালত আসামিদের প্রত্যেককে ১ লাখ টাকা করে জরিমানার আদেশ দিয়েছে।
আসামিরা হলেন—জাজিরা উপজেলার নাওডোবা ইউনিয়নের পশ্চিম নাওডোবা গফুর মোড়ল কান্দি গ্রামের হামেদ মোড়লের ছেলে নুরু মোড়ল (৩৫), সিদ্দিক মোড়লের ছেলে চুন্নু মোড়ল (৫০), চুন্নু মোড়লের স্ত্রী স্বপ্না বেগম (৪৫) ও পশ্চিম নাওডোবা আহাম্মেদ চোকিদার কান্দি গ্রামের মৃত জমির চোকিদারের ছেলে সেলিম চোকিদার (৩৭)। সরকারি কৌঁসুলি মির্জা হজরত আলী জানান, ২০১৭ সালের ১১ সেপ্টেম্বর ইলিয়াস চোকদারের মেয়ে রিমার (১৩) মরদেহ উদ্ধার করে পুলিশ। ১৪ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেয়। আসামি নুরু, চুন্নু, সেলিম শিশুটিকে ধর্ষণ করে এবং স্বপ্না ধর্ষণে সাহায্য করেন। পরে তারা শিশুটিকে হত্যা করেন। আসামি পক্ষের আইনজীবী আলমগীর হোসেন জানান, উচ্চ আদালতে এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন তিনি।
