স্থুলতা দূর করবে ‘ইন্টেলিজেন্ট মাইক্রোচিপ’

আপডেট : ২৩ এপ্রিল ২০১৩, ২১:১৪
স্থুলতা সারা বিশ্বের জন্যই একটি বড় ধরনের সমস্যা হিসেবেই স্বীকৃতি পেয়ে আসছে গত কয়েক বছরে। তাই স্থুলতা দূর করতে নানা ধরনের উপায় নিয়ে সার্বক্ষণিক কাজ করে যাচ্ছেন গবেষকরা। এরই ধারাবাহিকতায় এবারে যুক্তরাজ্যের একদল গবেষক উদ্ভাবন করেছেন এমন এক ধরনের মাইক্রোচিপ, যেটি কি না খাওয়ার ধরণকে নিয়ন্ত্রণ করতে পারবে। আর ফলশ্রুতিতে স্থুলতা থেকে মিলবে মুক্তি। ওজন কমানোর জন্য যে সার্জারি করা হয়ে থাকে, তার চাইতে এই চিপ অনেক বেশি কার্যকরী হবে বলেই জানিয়েছেন উদ্ভাবক গবেষকরা। আগামী বছর তিনেক সময়ের মধ্যেই মানুষের ব্যবহারের উপযোগী হয়ে উঠবে এই চিপ, এমনটাই আশা করছেন গবেষকরা। এই গবেষক দলের নেতৃত্বে রয়েছেন লন্ডন ইম্পেরিয়াল কলেজের দুই শিক্ষক অধ্যাপক ক্রিস তোমাজু এবং অধ্যাপক স্যার স্টিফেন ব্লুম। তারা জানিয়েছেন, এই মাইক্রোচিপে রয়েছে বিশেষ ‘ইন্টেলিজেন্ট ইমপ্ল্যান্টেবল মডুলেটর’। আকৃতিতে এটি মাত্র কয়েক মিলিমিটার। একটি ইলেকট্রোডের সাথে এটি সংযুক্ত করে তলপেটে পেরিটোনিয়াল ক্যাভিটির মধ্যে ভ্যাগাস স্নায়ুর সাথে সংযুক্ত করা হয়। চিপ এবং ইলেকট্রোডটি এমনভাবে ডিজাইন করা হয়েছে, যাতে করে এগুলো স্নায়ু থেকে ক্ষুধার অনুভূতি সনাক্ত করতে সক্ষম হয়। আর তার জন্য এগুলো শরীরের ইলেকট্রিক্যাল সিগন্যাল এবং রাসায়নিক চিহ্নগুলো সনাক্ত করে। এরপর এই চিপ ক্ষুধার অনুভূতিকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। ভ্যাগাস স্নায়ুতে সিগন্যাল পাঠানোর মাধ্যমে এটি এই ক্ষুধার অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারে। চিপটি সম্পর্কে অধ্যাপক ব্লুম জানান, ‘এটি আকারে এত ছোট যে একে বাড়তি কোনো কিছু বলে মনে হবে না। তাছাড়া এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে, এর কোনো রকম পার্শ্বপ্রতিক্রিয়া নেই। কিন্তু এর কাজটি এটি সঠিকভাবেই করতে সক্ষম।’