প্রোগ্রামিং ল্যাংগুয়েজ হিসেবে জাভা প্রযুক্তি বিশ্বের এক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রেখেছে। এই জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজ তৈরির জন্য বিখ্যাত হয়ে রয়েছে সান মাইক্রোসিস্টেম। শুধু জাভা প্রোগ্রামিং ল্যাংগুয়েজই নয়, কম্পিউটার এবং তথ্যপ্রযুক্তির নানা সেবা নিয়ে সান মাইক্রোসিস্টেম প্রযুক্তি বিশ্বের ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায় হিসেবেই পরিগণিত হয়ে থাকে। এই সান মাইক্রোসিসেস্টেমের অন্যতম প্রতিষ্ঠাতা বিল জয়। মার্কিন যুক্তরাষ্ট্রের এই কম্পিউটার বিজ্ঞানী জন্মগ্রহণ করেন ১৯৫৪ সালের ৮ নভেম্বর। ডেট্রয়েটে জন্ম নেওয়া বিল জয় ইউনিভার্সিটি অব মিশিগান থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন। পরে তিনি ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার বিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ইউসি বার্কলেতে পড়ালেখা করার সময়েই বিল কম্পিউটার নিয়ে গবেষণায় যুক্ত হন সিএসআরজি নামক এক প্রতিষ্ঠানের সাথে। এই গবেষণায় তিনি বিএসডি ইউনিক্স তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৮২ সালে তিনি গড়ে তোলেন সান মাইক্রোসিস্টেম। বিনোদ খোশলা, স্কট ম্যাকনিলি এবং অ্যানড্রিয়াস ভন বেশলশেইমের সাথে তিনি সান প্রতিষ্ঠা করেন। সান প্রতিষ্ঠার পর থেকে ২০০৩ সাল পর্যন্ত বিল জয় সানের প্রধান বিজ্ঞানী হিসেবে কর্মরত ছিলেন।
