নানা কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার গাজীপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য বিশিষ্ট শ্রমিকনেতা মুক্তিযোদ্ধা আহসান উল্লাহ মাস্টারের ১৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। সকালে গাজীপুর মহানগরীর পূবাইলের হায়দারাবাদে মরহুম আহসান উল্লাহ মাস্টারের কবর জিয়ারত ও পুষ্পস্তবক অর্পণ করেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, মেহের আফরোজ চুমকী এমপি, আহসান উল্লাহ মাস্টারের ছেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, গাজীপুর জেলা পরিষদ চেয়ারম্যান আখতারউজ্জামান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. গিয়াস উদ্দিন মিয়া, শহীদ তাজউদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের পরিচালক আমীর হোসাইন রাহাত, গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মো. মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপন প্রমুখ। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, আওয়ামী লীগসহ দলীয় অঙ্গ সংগঠন ও বিভিন্ন রাজনৈতিক, সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে তার কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়। স্বাধীনতা চিকিত্সক পরিষদ ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশন (বিএমএ) গাজীপুর জেলা শাখার পক্ষ থেকে মরহুমের মাজার প্রাঙ্গণে রক্তদান কর্মসূচি ও বিনামূল্যে চিকিত্সা সেবা পরিচালনা করা হয়। দুপুরে শহীদ আহসান উল্লাহ মাস্টারের সমাধিস্থলে স্মরণসভা এবং বিকালে শহরের রাজবাড়ি মাঠে গাজীপুর মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
