মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর কুমারভোগ থেকে শোভা আক্তার (২৭) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে শোভা আক্তারের স্বামী ইয়াছিন ফকিরের বাড়ি থেকে এই লাশ উদ্ধার করা হয়।
লৌহজং থানার এস আই বায়েজীদ মৃধা বলেন, ‘হত্যা না কি আত্মহত্যা প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। তবে গৃহবধূর গলায় দাগ রয়েছে। নিহত গৃহবধূর স্বামীসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক আছে।’ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শোভা আক্তারের আগে একবার বিয়ে হয়েছিল। তিন মাস আগে ইয়াছিন ফকিরকে তিনি বিয়ে করেন। গত কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলছিল। সকালে শোভার মরদেহ উদ্ধার করা হয়। শোভার ভাই মো. সোহাগ অভিযোগ করে বলেন, টাকার লোভে ইয়াছিন ফকির ও তার লোকেরা আমার বোনকে হত্যা করে।
লৌহজং থানার ওসি মো. মনির হোসেন জানান, নিহত শোভার পিতা-মাতার দাবি যৌতুকের লোভে ইয়াছিন ফকির তাদের মেয়েকে বিয়ে করে। এই বিয়েতে তাদের মত ছিল না। লৌহজং থানায় মামলা প্রক্রিয়াধীন। মরদেহ মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
