অনেক দরকষাকষির পর অবশেষে বগুড়ায় মহাসম্মেলনের মৌখিক অনুমতি পেয়েছে হেফাজতে ইসলাম। সাবেক জেলা প্রশাসক অনুমতি না দিলেও নবাগত জেলা প্রশাসক মৌখিকভাবে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলনের অনুমতি দিয়েছেন। এর ফলে মহাসম্মেলন নিয়ে জটিলতার আপাততঃ অবসান ঘটলো। এদিকে, ৩০ এপ্রিলের মহাসম্মেলনে স্মরণকালের সর্ববৃহত্ জনসমাবেশ ঘটানোর পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে হেফাজতে ইসলাম। তারা আশা করছেন সম্মেলনে উত্তরাঞ্চলের ১৬ জেলার প্রায় ১০ লক্ষাধিক তৌহিদী জনতা অংশগ্রহণ করবেন।
৩০ এপ্রিলের রেসালাত মহাসম্মেলন সফল করতে অবিরাম কাজ করছেন হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। বগুড়ার সর্বজন শ্রদ্ধেয় কওমি আলেমদের নিয়ে ইতোমধ্যেই মহাসম্মেলন বাস্তবায়নের জন্য প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা দফায় দফায় সভা করে সার্বক্ষণিক প্রস্তুতি পর্যালোচনা করছেন। কমিটির সদস্যরা বিভিন্ন জেলা ও উপজেলায় সফর করে মহাসম্মেলনে যোগদানের জন্য সর্বস্তরের তৌহিদী জনতার প্রতি আহ্বান জানাচ্ছেন। সম্মেলনের সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনার জন্য গতকাল মঙ্গলবার সকালে জামিল মাদরাসায় সম্মেলন প্রস্তুতি কমিটির এক সভা অনুষ্ঠিত হয়। জামিল মাদরাসার শিক্ষা সচিব মাওঃ ইয়াকুব চাটগামীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মহাসম্মেল প্রস্তুতি কমিটির সভাপতি মুহাদ্দিস মাওঃ আব্দুস সবুর, জামিল মাদরাসার ভাইস প্রিন্সিপ্যাল মাওঃ আব্দুল হক হক্কানী, হেফাজতে ইসলাম বগুড়া শাখার আহ্বায়ক মাওঃ আসাফ উদ্দৌলা মোকাররম, মাওঃ কাজী ফজলুল করিম, মাওঃ মাহমুদুল আলম, মাওঃ হাবিবুর রহমান প্রমুখ।
