‘বন্দুকযুদ্ধে’ রংপুর, মুন্সীগঞ্জে দুই জন নিহত

আপডেট : ০৮ মে ২০১৯, ০০:২৫

রংপুরের গঙ্গাচড়ায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক শীর্ষ সন্ত্রাসী ও মুন্সিগঞ্জে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। গত সোমবার রাতে এ দুই ঘটনা ঘটে। প্রতিনিধিদের পাঠানো সংবাদ-

রংপুর: রংপুরের গঙ্গাচড়া উপজেলার পূর্ব ইছলী এলাকায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ শীর্ষ সন্ত্রাসী শহিদুল ইসলাম সুমন নিহত হয়েছে। এ সময় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন। জানা যায়, লালমনিরহাট জেলার কালিগঞ্জ উপজেলার রুদ্রেশ্বর গ্রামের শহিদুল ইসলাম সুমনকে গ্রেফতার করে গঙ্গাচড়া থানা পুলিশ। তার দেওয়া তথ্য অনুযায়ী সোমবার রাতে পুলিশের একটি দল গঙ্গাচড়া উপজেলার মহিপুর ইউনিয়নের চড় ইছলী এলাকায় অভিযানে যায়। সেখানে সুমনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও পাল্টা গুলিবর্ষণ করে। এতে সুমন নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান ও বেশ কিছু ইয়াবা উদ্ধার করা হয়।

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে মো. সুজন মিয়া (৩৬) নামের এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার মধ্যরাতে সদর উপজেলার রামশিং এলাকায় এ ঘটনা ঘটে। সে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত এবং ১১ মাদক মামলার আসামি। এই ঘটনায় মহসিন নামে এক র্যাব সদস্য আহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি, এক হাজার ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।