রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভিসি’র পক্ষে এবং বিপক্ষে পাল্টাপাল্টি কর্মসূচির ফলে চরম উত্তেজনা বিরাজ করছে। এই আন্দোলন এখন ক্যাম্পাস ছেড়ে নগরীতে এসেছে। এর ফলে নগরী উত্তপ্ত হওয়ার আশংকা দেখা দিয়েছে।
গতকাল মঙ্গলবার ‘রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াও রংপুরবাসী’ এই শ্লোগানকে সামনে রেখে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে বিশ্ববিদ্যালয় নাগরিক কমিটি। গতকাল বিকেলে রংপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনসহ বিভিন্ন স্তরের শত শত মানুষ উপস্থিত ছিলেন। পরে সেখানে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। রংপুর সিটি করপোরেশনের ২৮নং ওয়ার্ড কাউন্সিলর ইদ্রিস আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ নেতা দেলোয়ার তালুকদার, জেলা যুবলীগের সভাপতি ওয়াসিমুল বারী সিমু, মহানগর সাধারণ সম্পাদক লক্ষ্মীণ চন্দ্র দাস, মহানগর নাগরিক কমিটির সাবেক সভাপতি রফিকুল ইসলাম দুলাল প্রমুখ। বক্তারা ক্যাম্পাসে অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়ে বলেন, কতিপয় শিক্ষক ব্যক্তিস্বার্থ হাসিলের জন্যই ক্যাস্পাসে নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করছে। সমাবেশ শেষে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রংপুর প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।
এদিকে গতকাল সকালে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভিসি’র অপসারণ ও সকল অপকর্মের সুষ্ঠু তদন্তপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি এবং পুলিশ ও সন্ত্রাসিদের হামলার বিচারের দাবিতে রংপুরের ৯টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যৌথ সংবাদ সম্মেলন করেছে। সংবাদ সম্মেলনে একই দাবিতে আজ বুধবার সকালে রংপুর প্রেসক্লাব চত্বরে প্রতীক অনশন কর্মসূচি ঘোষণা করা হয়।
