দেশের সকল সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল-কলেজ-মাদ্রাসা) ঝুঁকিপূর্ণ ভবন নির্ণয়ে সরকারকে জরিপ পরিচালনা করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে এই জরিপ কাজ পরিচালনা করে চিহ্নিত ঝুঁকিপূর্ণ ভবন নির্ণয় ও তা সংস্কারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে প্রতিবেদন আকারে আদালতকে অবহিত করতে স্থানীয় সরকার বিভাগের সচিব, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ও অতিরিক্ত প্রকৌশলীকে নির্দেশ দেওয়া হয়েছে। এক রিট আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল মঙ্গলবার এই আদেশ দেন। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠানে ঝুঁকিমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিতে বিবাদীদেরকে নির্দেশ দিয়েছে আদালত।
