সিটিও ফোরাম বাংলাদেশ এবং বাংলাদেশ উইমেন ইন আইটি (বিডাব্লিউআইটি)-এর মধ্যে সম্প্রতি এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। সিটিও ফোরাম বাংলাদেশের ঢাকাস্থ অফিসে চুক্তিটি স্বাক্ষরিত হয়। সিটিও ফোরাম বাংলাদেশের প্রেসিডেন্ট তপন কান্তি সরকার ও বিডাব্লিউআইটি প্রেসিডেন্ট লুনা শামসুদ্দোহা নিজ নিজ সংগঠনের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে অন্যান্যের মাঝে সিটিও ফোরাম বাংলাদেশের সাধারণ সম্পাদক সৈয়দ মাছুদুল বারী, সহ-সাধারণ সম্পাদক দেবদুলাল রায়, কোষ্যাধক্ষ ড. ইজাজুল হকসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। এই চুক্তির আওতায় দেশের বিভিন্ন ক্ষেত্রে তথ্যপ্রযুক্তির ব্যাবহার জোরদার করার লক্ষ্যে ও নীতি নির্ধারক হিসেবে একযোগে কাজ কাজ করবে সংগঠন দু’টি। এ ছাড়া নিজেদের মধ্যে তথ্যপ্রযুক্তির উন্নয়ন ও নিরাপত্তা বিধানে পরিকল্পনা, সফলতা ও অভিজ্ঞতা আন্তঃবিনিময়ের লক্ষ্যে তথ্যপ্রযুক্তির বিভিন্ন বিষয়ে সেমিনার, গোলটেবিল বৈঠক এবং কর্মশালার যৌথ আয়োজনও করবে প্রতিষ্ঠান দুইটি।
