নাব্যতা সংকটে যমুনার ৫টি নৌ-রুট বন্ধ

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:১৫
কাজীপুর উপজেলার পূর্ব সীমান্ত দিয়ে প্রবাহিত যমুনা নদীর পানি অস্বাভাবিকভাবে হ্রাস পাওয়ায় নদীবক্ষে জেগে উঠেছে অসংখ্য চর-ডুবোচর। ফলে যমুনা নদীর ৫টি রুটে নৌ-চলাচল দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। নৌ চলাচল বন্ধ হয়েছে ৫টি রুটে। উপজেলার মেঘাই ঘাট থেকে প্রতিদিন নাটুয়ারপাড়া, তেকানী, নিশ্চিন্তপুর, খাসরাজবাড়ী, চরগিরিশি, মনসুরনগর, সিরাজগঞ্জসহ ১০টি রুটে শতাধিক ইঞ্জিনচালিত নৌকা যাতায়াত করতো। শুষ্ক মৌসুমের শুরু থেকেই নদীর নাব্যতা কমে চর জেগে উঠায় নৌযান যাতায়াতে প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। অনেক বেশি পথ ঘুরে নৌকাগুলোকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। যমুনা নদীতে পানি কমে যাওয়ায় মেঘাই ঘাট থেকে ৩ কিলোমিটার দূরের নাটুয়ারপাড়া ঘাটে পৌঁছতে এখন প্রায় ১০/১১ কিলোমিটার পথ যেতে হচ্ছে। এসব রুটে অন্য কোন যাতায়াত ব্যবস্থা না থাকায় যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে। তাছাড়া নদীর পানি কমে নৌকার ঘাট দূরে চলে যাওয়ায় যাত্রীদের দীর্ঘ বালুচর পায়ে হেঁটে নৌকায় চড়তে হচ্ছে। এক্ষেত্রে মালামালসহ মহিলা যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। এদিকে এখনও যমুনার পানি কমতে থাকায় ইতোমধ্যে ৫টি রুটে নৌ চলাচল বন্ধ হয়ে গেছে।