গঙ্গাচড়ায় পাটক্ষেতে বিছা পোকার আক্রমণ দেখা দিয়েছে। এ অবস্থায় কৃষকরা চিন্তিত হয়ে পড়েছে। কৃষকরা জানান, পাট গাছ ২/১ ফুট হতে না হতেই ঐ পোকা পাট গাছের পাতা খেয়ে ফেলছে ও গাছের আগা কেটে দিচ্ছে। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, প্রায় ক্ষেতেই পোকার আক্রমণ দেখা দিয়েছে। কুকড়ে কুকড়ে খেয়েছে পাতা। কোনটির আগা কেটে দিয়েছে। কিশামত হাবু গ্রামের কৃষক রতন কুমার বললেন, “গাছগুলা পোকায় কাটি দেওছে, পাতাও খেয়া ফ্যালাওছে”। একই গ্রামের কৃষক অতুল ও উত্তম বললেন একই কথা। গান্নারপাড় এলাকাতেও দেখা গেল একই দৃশ্য। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায় ২ হাজার ৩৭৫ হেক্টর জমিতে পাট আবাদ হয়েছে। কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তা বিছা পোকা আক্রমণের কথা স্বীকার করে বলেন, এ অবস্থায় পাটক্ষেতে কৃষকদের এ্যামিটাফ জাতীয় কীটনাশক স্প্রে করার পরামর্শ দেয়া হচ্ছে।
