লাকসামে স্কুল ছাত্রের হত্যারহস্য উদঘাটিত

আপডেট : ২৪ এপ্রিল ২০১৩, ২১:১৯
লাকসাম পৌরসভার মিশ্রি মহল্লায় চাঞ্চল্যকর স্কুল ছাত্র শাহরিয়ার হত্যার বিষয়টি উদঘাটিত হয়েছে। মায়ের পরকীয়ায় বাধা দেয়ায় হত্যার পর লাশ ফাঁসিতে ঝুলিয়ে আত্মহত্যার প্রচারণা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে স্কুল ছাত্রের চাচা নিহতের মা নার্গিস সুলতানাসহ ৬ জনকে আসামি করে কোর্টে মামলা দায়ের করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি শাহরিয়ারের মায়ের পিত্রালয় মিশ্রি মহল্লা থেকে গলায় ফাঁস দেয়া অবস্থায় শাহরিয়ারের লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের চাচা এডভোকেট জাকির হোসেন জানান, ২০১১ সালে তার ভাই স্কুল শিক্ষক শাহ আলম সড়ক দুর্ঘটনায় নিহত হন। তাদের দুই সন্তান। নিহত শাহরিয়ার লাকসাম পাইলট হাইস্কুলে ৭ম শ্রেণিতে অধ্যয়নরত ছিল। এ ঘটনায় লাকসাম থানায় হত্যা মামলা করতে গেলে পুলিশ মামলা না নিয়ে নিহতের মা নার্গিস সুলতানার দায়েরকৃত অপমৃত্যুর মামলা নথিভুক্ত করে। হত্যাকাণ্ডের ঘটনায় স্কুল ছাত্রের চাচা এডভোকেট জাকির হোসেন বাদী হয়ে তার মা নার্গিস সুলতানা, নজরুল ইসলাম ও খসরু ওরফে ভুট্টুসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে হত্যা মামলা দায়ের করেন।