গাইবান্ধা সাব-রেজিস্ট্রি অফিসের ভলিউম বইয়ের পাতা পাল্টে একজনের জমি আরেকজনের নামে তালিকাভুক্তিকালে আমিন হোসেন (৩৮) নামে একব্যক্তিকে সোমবার রাতে পুলিশ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত আমিন সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটি ইউনিয়নের দক্ষিণ ছাপড়হাটি গ্রামের আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় সাব-রেজিস্ট্রার আনন্দ চন্দ বর্মন, আমিন হোসেন, নকলনবিস নাজমুল ইসলাম ও রেকর্ড কিপার বিধু ভূষণের ছেলে বিধান চন্দে র বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করেছেন। মামলার বিবরণ ও রেজিস্ট্রি অফিস সূত্রে জানা গেছে, সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ছাপড়হাটি গ্রামের রুহিনী কান্ত বর্মনের মেয়ে নিবেদিতা বর্মনের ১৪ শতক জমি আমিন হোসেন নিজের বলে দাবি করে দখলের চেষ্টা করেন। এ ঘটনায় নিবেদিতা বর্মন সুন্দরগঞ্জ থানায় অভিযোগ করেন। থানা কর্তৃপক্ষ উভয়পক্ষকে তাদের দাবির স্বপক্ষে কাগজপত্র দাখিল করার নির্দেশ দেয়। এ কারণে আমিন হোসেন স্থানীয় এক দালালের মাধ্যমে গাইবান্ধা জেলা রেজিস্ট্রি অফিসের রেকর্ড কিপারের সাথে যোগসাজশ করে সম্প্রতি সুন্দরগঞ্জ উপজেলা সাব-রেজিষ্ট্রি অফিসের ৬৫ নম্বর ভলিউম রেকর্ড বইয়ের ১৭ ও ১৮ নং পৃষ্ঠা নতুনভাবে তৈরি করে তা সংযুক্ত করে। পরে সোমবার জেলা-রেজিস্ট্রি অফিসে রক্ষিত ভলিউম রেকর্ড বইয়ের পাতা নতুনভাবে তৈরি করার সময় অফিসের অন্য কর্মচারিরা বিষয়টি টের পায়। এ সময় নকলনবিস নাজমুল ইসলাম ও বিধান চন্দ পালিয়ে গেলেও আমিন হোসেন কর্মচারীদের হাতে ধরা পড়ে। জেলা রেজিস্ট্রার আমিন হোসেনকে সদর থানায় সোপর্দ করেন।
