গুলি ও বোমা বিস্ফোরণের পর সীমান্ত বাংলাদেশি দেখলে এবার বিএসএফ নতুন অস্ত্রের ব্যবহার শুরু করেছে। গত মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গার জীবননগরের মেদিনীপুর সীমান্তে বিএসএফ রাবার বুলেট বর্ষণ করে। রাবার বুলেটের আঘাতে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এলাকাবাসী ও বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার মেদিনীপুর গ্রামের দরুদ চৌধুরীর ছেলে আবু তালেব (৩৫) গত মঙ্গলবার দুপুরে গরু আনার জন্য মেদিনীপুরের পুটিখালী সীমান্তে গেলে পুটিখালী ক্যাম্পের বিএসএফ তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট বর্ষণ করে। রাবার বুলেটের আঘাতে তালেবের চোয়াল ও শরীর মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হলে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
