টাইগার উডসকে সর্বোচ্চ বেসামরিক সম্মাননা দিলেন ট্রাম্প

আপডেট : ০৮ মে ২০১৯, ০০:৩৭

বিশ্বের গলফ চ্যাম্পিয়ন টাইগার উডস আমেরিকার সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পেয়েছেন। স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় হোয়াইট হাউসের রোজ গার্ডেনে ‘প্রেসিডেন্সিয়াল মেডেল অব ফ্রিডম’ পরিয়ে দেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর সিএনএনের

অনুষ্ঠানে টাইগার উডসকে ক্রীড়া ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ অ্যাথলেট উল্লেখ করেন প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, বিশ্বে আমেরিকার শ্রেষ্ঠত্বের প্রতীক টাইগার উডস। ট্রাম্প বলেন, এই সন্ধ্যায় আমরা এখানে উপস্থিত হয়েছি একজন সত্যিকারের কিংবদন্তিকে সম্মান জানাতে। টাইগার উডস গলফ খেলাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। তাকে দেখে যুক্তরাষ্ট্রের নতুন প্রজন্মও আগ্রহী হয়ে উঠছে। উডস দেখিয়েছেন যে অধ্যাবসায় থাকলে সবকিছুই জয় করা সম্ভব। তাকে সম্মান জানাত পেরে আমরা গর্বিত।

চলতি বছর ক্যারিয়ারের পঞ্চম মাস্টার্স প্রতিযোগিতায় জেতার পর টাইগার উডসকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান জানানোর কথা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই সম্মান ভবিষ্যতে আরো এগিয়ে যেতে প্রেরণা জোগাবে বলে জানিয়েছেন উডস। নানা প্রতিবন্ধকতায় পাশে থাকার জন্য এই অর্জন পরিবারের সদস্যদের উত্সর্গ করেন তিনি। ২২ বছর আগে জিতেছিলেন ক্যারিয়ারের প্রথম মাস্টার্স। ৪৩ বছর বয়সে সেই ঘটনার পুনরাবৃত্তি হয় আবার। গত ১৪ এপ্রিল গলফ দুনিয়ায় আবারো শোনা যায় টাইগার উডসের গর্জন। ১১ বছর পর ক্যারিয়ারের ৫ম মাস্টার্স জিতে সন্তানদের জড়িয়ে ধরেছিলেন উডস। রোজ গার্ডেনে উডসের জন্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তার মা, দুই সন্তান স্যাম ও চার্লি এবং বান্ধবী এরিকা হারম্যান। গলফ দুনিয়ায় আর্নল্ড পামার, জ্যাক নিকোলাস ও চার্লি সিফোর্ডের পর চতুর্থ গলফার হিসেবে এই সম্মান পেলেন টাইগার উডস।