চীন সরকারের মুখপাত্র গেং শুয়াং জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার সঙ্গে কোনো পরমাণু আলোচনায় বেইজিং অংশ নেবে না। যদিও মার্কিন প্রেসিডেন্ট গত সপ্তাহে বলেছিলেন, নতুন পরমাণু অস্ত্র চুক্তিতে চীনকে অন্তর্ভূক্ত করা হবে এবং চীনও আগ্রহ দেখিয়েছে। এর আগে গত বছর রাশিয়ার সঙ্গে করা পরমাণু অস্ত্র চুক্তি থেকে সরে দাঁড়িয়েছিল যুক্তরাষ্ট্র। রাশিয়াও পরে চুক্তি থেকে নিজেদের আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে। গত সপ্তাহে রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে টেলিফোন আলাপেও প্রেসিডেন্ট ট্রাম্প নতুন অস্ত্র চুক্তিতে চীনকে যুক্ত করার কথা জানিয়েছিলেন। এদিকে চীন আরো জানিয়েছে, দেশে কোনো আটককেন্দ্র নেই। আর তাদের অভ্যন্তরীণ বিষয়ে যেন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ না করে। অন্যদিকে চীনা পণ্যে নতুন শুল্ক আরোপে প্রেসিডেন্ট ট্রাম্পের হুমকি সত্ত্বেও বাণিজ্য আলোচনার জন্য চীনের ভাইস প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। -সিএনএন
