ডাটা সিনক্রোনাইজেশনের সুবিধা দিচ্ছে বিটটরেন্ট

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২০:৪৪
ফাইল শেয়ারিংয়ে বিটটরেন্ট সারা বিশ্বেই অত্যন্ত জনপ্রিয় একটি সার্ভিস। তবে এবারে তারা পিয়ার-টু-পিয়ার ফাইল শেয়ারিং সার্ভিস ছাড়াও চালু করছে অনলাইনে ডাটা সিনক্রোনাইজেশন ফিচার। ফলে বিটটরেন্ট ব্যবহার করে ডাটা শেয়ার করতে এখন আর থার্ড পার্টি সার্ভারের প্রয়োজন হবে না। বরং ড্রপবক্স, স্কাইড্রাইভ কিংবা গুগল ড্রাইভের মতো অনলাইন স্টোরেজগুলোর মতোই কাজ করবে বিটটরেন্টের এই নতুন সেবাটি। ৮ বছর বয়সী বিটটরেন্ট এর আগেও নানা ধরনের সেবা নিয়ে আসার চেষ্টা করেছে। তাদের বিটটরেন্ট ল্যাবের মাধ্যমে এই ধরনের সেবা নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে তারা। এরই ধারাবাহিকতায় ‘বিটটরেন্ট সিংক’ নামে চালু করতে যাচ্ছে অনলাইনে ফাইল সিনক্রোনাইজেশনের সেবা। সিনক্রোনাইজেশনের পাশাপাশি তথ্য সুরক্ষিতও থাকবে এখানে। ফলে এই সেবাটি অন্যান্য অনলাইন স্টোরেজের মতোই কাজ করবে। বিটটরেন্ট আশা করছে, তাদের টরেন্ট ফাইল শেয়ারিং ফিচারের মতোই এই নতুন সেবাটিও খুব দ্রুতই জনপ্রিয় হয়ে উঠবে সব ধরনের মানুষের কাছে।