লৌহজংয়ে গৃহবধূর মরদেহ উদ্ধার

আপডেট : ০৮ মে ২০১৯, ০০:৩৭

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার উত্তর কুমারভোগ থেকে শোভা আক্তার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে শোভা আক্তারের স্বামী ইয়াছিন ফকিরের বাড়ি থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। 

লৌহজং থানার এস আই বায়েজীদ মৃধা বলেন, ‘স্থানীয় মেম্বারের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে ইয়াছিন ফকিরের ঘরের বিছানায় শায়িত গৃহবধু শোভা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। এটি হত্যা নাকি আত্মহত্যা প্রাথমিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। গৃহবধূর গলায় দাগ রয়েছে তবে শরীরে কোথাও তেমন আঘাতের চিহ্ন নেই। তবে নিহত গৃহবধূর স্বামীসহ শ্বশুর বাড়ির সবাই পলাতক।’

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গৃহবধূ শোভা আক্তারের আগে একবার বিবাহ হয়েছিল। তিন মাস আগে বর্তমান স্বামী ইয়াছিন ফকিরকে বিয়ে করেন তিনি। কয়েকদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে নানা বিষয়ে ঝগড়া লেগে ছিলো।

শোভার ভাই মোঃ সোহাগ অভিযোগ করে বলেন, ‘টাকা পয়সার লোভে বোনের স্বামী ইয়াছিন ফকির ও তার লোকেরা আমার বোনকে হত্যা করে। বোনের শ্বশুর বাড়ির সবাই পলাতক আছে।’

আরও পড়ুনঃ রমজানেও ‘বনলতা ট্রেনে’ খাবার, বিশৃঙ্খলার তদন্ত চান এমপি বাদশা
 
লৌহজং থানার ওসি মো. মনির হোসেন জানান, নিহত শোভা আক্তারের পিতা মাতার দাবি, যৌতুকের লোভে ইয়াছিন ফকির তাদের মেয়েকে বিয়ে করে। এই বিয়েতে তাদের মত ছিল না। এই বিষয়ে লৌহজং থানায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে। মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

ইত্তেফাক/নূহু