নানা সমস্যায় কর্ণফুলি পেপার মিল

আপডেট : ২৫ এপ্রিল ২০১৩, ২১:০৭
কাপ্তাইয়ের চন্দ ঘোনায় অবস্থিত দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত কাগজ কল কর্ণফুলি পেপার মিল চরম আর্থিক সংকটে পড়েছে। কাঁচামালের সরবরাহ পর্যাপ্ত থাকলেও সে অনুপাতে উত্পাদন হচ্ছে না। ১০০ টনের ক্ষমতার স্থলে বর্তমানে প্রতিদিন উত্পাদন হচ্ছে ৩০/৪০ টন কাগজ। ক্রমাগত লোকসানের ভারে বিপর্যস্ত হয়ে উঠছে মিলের পরিবেশ। মিলের কর্তৃপক্ষ মিলের আর্থিক দুরবস্থার বিষয়ে স্বীকার করে জানিয়েছেন, দীর্ঘদিন ধরে কাগজের ক্রেতা প্রতিষ্ঠানগুলোর অসহযোগিতার কারণে উত্পাদিত পণ্যের বিক্রয় সংকটে মিলকে দুরবস্থার সম্মুখীন করেছে। এনসিটিবি, জাতীয় বিশ্ববিদ্যালয়, বিজি প্রেস, বাংলাদেশ স্টেশনারিজ, পাবলিক বিশ্ববিদ্যালয় ও শিক্ষাবোর্ডসমূহ কর্ণফুলি পেপার মিলের উত্পাদিত কাগজের ক্রেতা হলেও এসব প্রতিষ্ঠান মিল থেকে পর্যাপ্ত কাগজ ক্রয় করছে না। কোন কোন ক্ষেত্রে মিলের কোটি কোটি টাকা অপরিশোধিত রেখে অন্য প্রতিষ্ঠান থেকে কাগজ ক্রয় করতে গিয়ে কর্ণফুলি পেপার মিলকে দুরবস্থার দিকে ঠেলে দেয়া হচ্ছে। মিলের বনজ কাঁচামাল সরবরাহকারী ঠিকাদারদের অভিযোগে জানা গেছে, যথাসময়ে মালামাল সরবরাহ করে মিল থেকে বিল পাওয়া যাচ্ছে না। অভিযোগে প্রকাশ, কর্তৃপক্ষ ও সিবিএ নেতৃবৃন্দের যোগসাজশে মালামাল সংগ্রহের ক্ষেত্রে দুর্নীতি হচ্ছে অবৈধ ওভারটাইম, কিছু কিছু শ্রমিকের নামমাত্র হাজিরা দিয়ে বেতন নেয়ার প্রবণতায় প্রতিমাসে মোটা অংকের আর্থিক অপচয় ঘটছে মিলের। আধুনিকায়ন প্রকল্পের আওতায় নির্মিত শতকোটি টাকা ব্যয়ে ব্লিচিং টাওয়ার প্ল্যান্টটিও মিলের উত্পাদন কাজে আসছে না।