গত বুধবার চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন ঠিকাদারের হাতে প্রহূত হয়েছেন। উপজেলার আন্দুলবাড়িয়ায় এলজিইডির ২৩ লাখ ৯৪ হাজার টাকার একটি গ্রামীণ সড়ক উন্নয়ন প্রকল্পের ডাব্লিউবিএম কাজে অনিয়ম করা কালে উপজেলা প্রকৌশলী সানোয়ার হোসেন তাতে বাধা প্রদান করেন। এতে ক্ষিপ্ত হয়ে ঠিকাদার জহুরুল ইসলামের সহযোগী চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগ নেতা আশাবুল হক লন্টু তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগ। আহত প্রকৌশলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিত্সা গ্রহণ করেন। এ ব্যাপারে বুধবার অফিসার্স ক্লাবে ইউএনও সাজেদুর রহমানের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় অবিলম্বে অভিযুক্ত ঠিকাদারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়। অন্যথায় উপজেলা প্রশাসন কঠোর কর্মসূচি গ্রহণ করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
