বাংলাদেশের সবজি চাষের জন্য খ্যাত নরসিংদীর রায়পুরা উপজেলা। বছরের প্রায় প্রতিটি মৌসুমে কৃষকরা মেতে থাকেন নানা রকমের সবজি চাষ নিয়ে। রাজধানী ঢাকাসহ সারাদেশের প্রায় ৪০শতাংশ চাহিদা মিটিয়ে থাকেন এ উপজেলার কৃষকরা।
কীটনাশক ব্যবহারের পাশাপাশি চলতি মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় দুই শতাধিক হেক্টর জমিতে বিষমুক্ত সবজি চাষ করা হয়েছে। এসব সবজি যেমন স্বাস্থ্যসম্মত তেমনি উত্পাদনে খরচও কম। ফলে বিষমুক্ত সবব্জি চাষ করে কৃষকরা খুশি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এবার উপজেলার লোচনপুর, উত্তর বাখরনগর, মরজাল, মাহমুদাবাদ, জাহাঙ্গীর নগর, আদিয়াবাদসহ বিভিন্ন এলাকায় দুই শতাধিক হেক্টর জমিতে বিষমুক্ত সবজি চাষ হচ্ছে। উত্পাদিত সবজির তালিকায় রয়েছে— বেগুন, করলা, উচ্ছে, শশা, কাকরল, চিচিংগা প্রভৃতি। মোঃ জালালউদ্দিন, মোতালিব মিয়াসহ বেশ কয়েকজন কৃষক জানান, ফেরোমিন টেপের মাধ্যমে বিষমুক্ত সবজি চাষ করায় উত্পাদন খরচ অনেকাংশই কম। তাই আমরা লাভবান। উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেনজীর আলম বলেন, ফেরেমিন টেপসসের মাধ্যমে বিষমুক্ত সবজি চাষ করে একদিকে কৃষক লাভবান, অপরদিকে বিভিন্ন জটিল রোগ বালাই থেকে রেহাই পাচ্ছে ভোক্তাগণ।
