প্রধানমন্ত্রীর বক্তব্যে দেশবাসী উত্কণ্ঠিত —মির্জা ফখরুল

আপডেট : ০৮ মে ২০১৯, ০০:৪৭

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে ব্রিটেনের রাজধানী লন্ডনে অবস্থান করছেন। সফরকালীন প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে আসা নিজ দলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে এক বক্তব্যে বেগম খালেদা জিয়ার মুক্তি নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী। যা বিভিন্ন প্রিন্ট মিডিয়ায় প্রকাশিত ও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। মুক্তি নিয়ে তিনি যা বলেছেন, তাতে আমি উদ্বেগ প্রকাশ করছি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি যদি প্রধানমন্ত্রীর ইচ্ছা—অনিচ্ছার ওপর নির্ভর করে তাহলে সেটি শুধু উদ্বেগজনকই নয় বরং তা সামগ্রিকভাবে দেশ ও জনগণের জন্য এক অশুভ আগামীর ইঙ্গিতবাহী। দেশে যে ন্যূনতম গণতন্ত্র নেই, তা লন্ডনে দেওয়া প্রধানমন্ত্রীর বক্তব্যে সুস্পষ্ট হয়েছে। প্রধানমন্ত্রীর বক্তব্যে গোটা দেশবাসী উত্কণ্ঠিত। আমি উক্ত বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’ গতকাল মঙ্গলবার দুপুরে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এসব কথা বলেন।