বাদামতলীতে অভিযান

চার প্রতিষ্ঠানকে জরিমানা, ২২ টন খেজুর জব্দ

আপডেট : ০৮ মে ২০১৯, ০০:৪৮

রাজধানীর বাদামতলীর শাহাজাদা মিয়া লেনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও লেবেলহীন খেজুর রাখার দায়ে চার প্রতিষ্ঠানকে ৬৯ লাখ টাকা জরিমানা করেছে। এছাড়া ওই চার প্রতিষ্ঠান থেকে ২২ টন খেজুর জব্দ করা হয়েছে।  গতকাল মঙ্গলবার  দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

র্যাবের এ অভিযানের নেতৃত্ব দেন র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। তিনি বলেন, রমজানের আগেও র্যাবের ভ্রাম্যমাণ আদালত পচা-মেয়াদোত্তীর্ণ খেজুর মজুত ও বিক্রির বিরুদ্ধে বাদামতলীতে অভিযান চালিয়েছে। সেই ধারাবাহিকতায় রমজানেও অভিযান পরিচালনা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরো জানান, গতকালকের এ অভিযানে চার প্রতিষ্ঠানকে ৬৯ লাখ টাকা জরিমানা আর ২২ টন খেজুর জব্দ করা হয়েছে। ওই চার প্রতিষ্ঠানের মধ্যে মা এন্টারপ্রাইজকে ৫০ লাখ টাকা, সালমান এন্টারপ্রাইজকে ১০ লাখ টাকা, পূবালী এন্টারপ্রাইজকে ৪ লাখ টাকা ও হারুন এন্টারপ্রাইজকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।