গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতিকে এক ব্যক্তির শাসন থেকে মুক্ত করতে হবে। কারণ, স্বৈরতান্ত্রিক ব্যবস্থায় বাক-ব্যক্তি-আইনের শাসন থাকে না। দুর্নীতি, দলীয়করণ ও লুটপাট অগ্রগতিকে বাধাগ্রস্ত করে। এগুলো অর্থনৈতিক ব্যবস্থাসহ সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকেও গ্রাস করে থাকে। সমাজ-সভ্যতাকে ধ্বংস করে। গতকাল মঙ্গলবার রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পুনর্গঠিত স্থায়ী পরিষদের সভায় তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, সুস্থ রাজনীতি বাদ দিয়ে দেশে সুশাসন প্রতিষ্ঠা করা অসম্ভব। জনগণই দেশের মালিক, তাই জনগণকে ঐক্যবদ্ধ করেই সুস্থ রাজনীতি প্রতিষ্ঠা করতে হবে। গণফোরাম নেতা-কর্মীদের তৃণমূলে জনগণের সমস্যাসহ নানাবিধ সমস্যা চিহ্নিত করে এবং তৃণমূলে সংগঠন গড়ে তুলে জনগণকে ঐক্যবদ্ধ করার মাধ্যমে স্বৈরতন্ত্রবিরোধী জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দলের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া, নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ ও অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, স্থায়ী পরিষদের সদস্য মোকাব্বির খান এমপি, আওম শফিক উল্লাহ প্রমুখ।
