ফুটপাতে ব্যবসা করতে দেওয়ার দাবিতে রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা গুলিস্তানে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ভাসমান হকাররা। এতে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টা থেকে গুলিস্তান ও আশপাশের এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। রোজার প্রথম দিনই অফিস শেষে বাড়ি ফেরায় চরম ভোগান্তির শিকার হন হাজারো মানুষ। পথচারীরাও পড়েন চরম বিড়ম্বনায়।
পুলিশ জানায়, হকাররা দুপুরের আগে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে তারা গোলাপ শাহ মাজারের সামনে নর্থ-সাউথ রোড বন্ধ করে দেন। বেলা ১টার দিকে গুলিস্তানের বঙ্গবন্ধু স্কয়ারের সামনের সড়কও তারা অবরোধ করেন। এতে পল্টন থেকে ফুলবাড়িয়া হয়ে সদরঘাট, গুলিস্তান থেকে মতিঝিল পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। জিরো পয়েন্ট থেকে সচিবালয়মুখী আব্দুল গণি রোডের মুখে ওয়াসার পয়ঃনিষ্কাশনের বড় বড় পাইপ ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে দেখা যায়।
শাহবাগ থানার ওসি আবুল হাসান ইত্তেফাককে বলেন, ‘রাস্তা বন্ধ থাকায় সাধারণ মানুষ কষ্টে পড়েছে। আমরা হকারদের বুঝিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছি। ইফতারের ঠিক আগ মুহূর্তে তারা পরবর্তী কর্মসূচি জানাবে এমন ঘোষণা দিয়ে সড়ক থেকে উঠে গেছে।’
বাংলাদেশ হকার্স ইউনিয়নের সভাপতি আবদুল হাসিম কবির বলেন, মেয়র হকারদের পুনর্বাসনের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু মেয়রের কার্যালয়ে গিয়ে তার দেখা মেলেনি। গত ৫ মে আমরা মেয়র মহোদয়ের সঙ্গে দেখা করে বলেছিলাম, পুনর্বাসনের আগ পর্যন্ত আমাদের ফুটপাতে বসার ব্যবস্থা করে দেন। তিনি আজকে (মঙ্গলবার) আমাদের তার অফিসে যেতে বলছিলেন। এগারোটায় সময় দিয়েছিলেন, এখন ৪টা বাজে। তার দেখা পাইনি। এজন্য হকাররা রাস্তায় নেমে গেছে।’
