ব্রাজিল দল নিজেদের দেশে ২০১৪ বিশ্বকাপের একটি স্টেডিয়ামে চিলির সাথে প্রীতি ম্যাচে এগিয়ে থাকার পরও ২-২ গোলে ড্র করায় সমর্থকদের দুয়োধ্বনি শুনলো। গতকাল বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত খেলাটির পর কোচ লুই ফিলিপ স্কলারি অবশ্য বলেছেন দলকে আরো উন্নতি করতে হবে।
স্কলারি মনে করেন বিশ্বকাপের আগে দলকে নিয়ে আরো অনেক কাজ করতে হবে। ব্রাজিলকে ২০০২ বিশ্বকাপ জেতানো এই কোচ বলেন, ‘আমাদের এখনো অনেক কাজ করতে হবে। আমরা তৈরি নই এটা জানি, সবাই এটা জানে।’
এ নিয়ে স্কলারির অধীনে পাঁচটি ম্যাচ খেলেছে ব্রাজিল। এর মধ্যে তিনটিতেই ড্রয়ে বাধ্য হয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। গত বছরের নভেম্বরে দায়িত্ব নিয়েছিলেন কোচ স্কলারি। বিশ্বকাপের জন্য নতুন করে সাজানো বেলো হরিজোন্তে প্রদেশের মিনেইরো স্টেডিয়ামে খেলাটির আগে পরে দর্শকরা দুয়োধ্বনি দেয় রোনালদিনহোর নেতৃত্বাধীন দলটিকে। ১৪ মে কনফেডারেশন কাপের জন্য কোচ স্কলারির ব্রাজিল দল ঘোষণার আগে চিলির ম্যাচটি ছিল খেলোয়াড়দের পর্যবেক্ষণের জন্য শেষ সুযোগ। জুনে অনুষ্ঠেয় কনফেডারেশন কাপের আয়োজকও ব্রাজিল। কনফেডারেশন কাপের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে ছয়টি ভেন্যুতে।
চিলি জয়ের বাসনা নিয়েই খেলতে নেমেছিল। কারণ ব্রাজিলে ২৬ বার খেলেও জয়ের দেখা পায়নি দেশটি। এছাড়া লোকাল ওয়ার্ল্ড কাপ অর্গানাইজিং কমিটির (এলওসি) ভেন্যু পর্যবেক্ষণের কাজও হয়েছে। ১৫ থেকে ৩০ জুন পর্যন্ত কনফেডারেশন কাপ চলবে। এই টুর্নামেন্টের আগে মাঠ প্রস্তুত আছে কিনা যাচাই করা জরুরি ছিল।
দুই দলের এ খেলাটি দেখতে স্টেডিয়ামে ৫৩ হাজার সমর্থক উপস্থিত ছিলেন। স্থানীয় সমর্থকরা নিজেদের দলের খেলোয়াড়দের উদ্দেশ্য করে দুয়োধ্বনি দেয়। স্ট্রাইকার নেইমার খেলা শেষে বলেন, ‘একদিন আপনি অবজ্ঞাসূচক ধ্বনি শুনবেন, পরবর্তীতে প্রশংসিত হবেন, ফুটবল এমনই।’ নেইমারের গোলে ব্রাজিল ৫৪ মিনিটে ২-১ গোলে এগিয়ে গিয়েছিল। বদলি স্ট্রাইকার আলেকজান্ডার পাতো নেইমারের গোলে সহায়তা করেন।
ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গোতে খেলা ডিফেন্ডার মার্কোস গঞ্জালেসের আট মিনিটে করা দারুণ এক গোলে চিলিকে এগিয়ে দিয়েছিলেন। এরপর সেন্টার ব্যাক রেভার ২৫ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান নেইমারের কর্নার কিকে হেড নিয়ে।
স্ট্রাইকার এডোয়ার্ডো ভারগাস ব্রাজিলের গ্রেমিও তে খেলেন। বক্সের বাইরে থেকে জোরালো শটে তিনি ৬৪ মিনিটে চিলির সমতাসূচক গোলটি করেন। ব্রাজিলের অধিনায়ক রোনালদিনহো বলেন, ‘মাত্রই একবার অনুশীলন করা দলের জন্য এটা কঠিন। আমরা চেষ্টা করেছি তবে সবাই জানতো কঠিন ম্যাচ হতে যাচ্ছে এটা।’
