চাঁদাবাজদের ধরিয়ে দিন ব্যবসায়ীদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট : ০৮ মে ২০১৯, ০০:৫০

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পবিত্র রমজান মাসে বাজারে পণ্যের দাম ঠিক রাখতে সব ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদাবাজি কোথায় হয়, কোন জায়গায় হয় আপনারা বলুন। আরও সাহসী হয়ে চাঁদাবাজদের ধরিয়ে দিতে ব্যবসায়ীদের প্রতি আহ্বানও জানান তিনি। গতকাল মঙ্গলবার কাওরান বাজারে বাংলাদেশ দোকান মালিক সমিতি ও মহানগর দোকান মালিক সমিতি আয়োজিত মাহে রমজান উপলক্ষে ‘পরিমিত ক্রয় ক্যাম্পেইন প্রোগ্রাম -২০১৯’ এর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, এক সময় কাওরান বাজার এলাকায় প্রায় সময়ই মানুষ খুন হতো, ব্যবসায়ীরা শান্তিতে ব্যবসা করতে পারতেন না। আজ ব্যবসায় শান্তি ফিরে এসেছে, ক্রেতার টাকাও ছিনতাই হয় না।

তিনি বলেন, এখনও কিছু সমস্যা রয়ে গেছে, এটা ব্যবসায়ীদের ব্যর্থতা। তারা যদি প্রশাসনকে না জানান তাহলে কিভাবে ব্যবস্থা নেওয়া হবে।

 স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে। দেশের যেখানেই চাঁদাবাজির অভিযোগ আসবে, সেখানেই আইন-শৃঙ্খলা বাহিনী অভিযান চালাবে।

দোকান মালিক সমিতির পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি পরিবারের ২ দিনের ইফতারের কাঁচাবাজার প্যাকেজ ১৫০ টাকায় বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। কাঁচাবাজার আড়তের সামনে পুরো রমজান মাস এই প্রোগ্রাম চলবে বলে ঘোষণা দেওয়া হয় অনুষ্ঠানে।

বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিনের সভাপতিত্বে ও মহানগর দোকান মালিক সমিতির তৌফিক এহেসানের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এফবিসিসিআই’র সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন, সাবেক সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ক্যাব সভাপতি গোলাম রহমান প্রমুখ।