চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এঁওচিয়ায় গতকাল বৃহস্পতিবার জামায়াত-শিবির এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষকালে গুলিবিদ্ধ হয়ে এক শিশু মারা গেছে। এ সময় আহত হয় আরও এক শিশু।
গতকাল বিকাল ৫টার দিকে পশ্চিম এঁওচিয়া আদর্শ গ্রামে এ ঘটনা ঘটে। এদিকে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাঞ্চনা ও এঁওচিয়া এলাকায় অতিরিক্ত পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের আমির জাফর সাদেককে গেপ্তারের প্রতিবাদে স্থানীয় জামায়াত-শিবির এঁওচিয়া ইউনিয়নের শান্তিরটেক এলাকা থেকে কাঞ্চনা ফুলতলা পর্যন্ত সড়ক অবরোধ করে। একপর্যায়ে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় জামায়াত-শিবির যুবলীগ নেতা আলমগীরের বাড়িতে হামলা চালালে গুলিতে আলমগীরের ভাই মোহাম্মদ জাহাঙ্গীরের তিন বছরের শিশুকন্যা সুখী গুরুতর আহত হয়। স্থানীয় হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সংঘর্ষকালে মো. শফি (১১) নামের আরেক শিশু আহত হয়।
নিহতের পরিবার জানিয়েছে, জামায়াতের নেতা-কর্মীদের গুলিতেই সুখী নিহত হয়েছে।
