আগারগাঁওয়ে র‌্যাবের সাথে 'বন্দুকযুদ্ধে' মাদকব্যবসায়ী নিহত

আপডেট : ০৮ মে ২০১৯, ০৯:২৪

রাজধানীর আগারগাঁওয়ে র‌্যাবের সাথে একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ীর 'বন্দুকযুদ্ধে' আশরাফ আলী নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে।

র‌্যাব জানায়, রাজধানীর আগারগাঁও এলাকায় র‌্যাবের চেক পোস্ট চলাকালে  একদল অস্ত্রধারী মাদক ব্যবসায়ীর সাথে গুলিবিনিময়কালে একজন নিহত হন। এ সময়  ৫০০ বোতল ফেন্সিডিল, প্রাইভেট কার ও গুলিসহ ১ টি বিদেশী পিস্তল জব্দ। 

আরও পড়ুন: বান্দরবানে গুলিতে জনসংহতি সমিতির কর্মী নিহত  

র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার (সিপিসি-৩) পুলিশ সুপার (এসপি) মহিউদ্দিন ফারুকী জানান, চুয়াডাঙ্গা থেকে ফেন্সিডিলের চালান আসছে- এমন খবরে আগারগাঁও ও মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায় র‌্যাব। এসময় আগারগাঁও এলাকার চেকপোস্টের কাছাকাছি একটি প্রাইভেটকার এলে র‌্যাব সদস্যরা গাড়িটিকে থামাতে বলেন। গাড়ি না থামিয়ে ভেতর থেকে র‌্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি করা হয়। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার আইল্যান্ডে উঠে যায়। পরে চালক পালিয়ে গেলে গুলিবিদ্ধ এক যুবককে গাড়ি থেকে উদ্ধার করা হয়। পরে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক  মৃত ঘোষণা করেন। পরে প্রাইভেটকারটিতে তল্লাশি চালিয়ে গুলিসহ বিদেশি একটি পিস্তল ও ৫০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। গাড়িতে পাওয়া একটি পরিচয়পত্র থেকে নিহতের পরিচয় সনাক্ত করা হয়। এ ঘটনায় র‌্যাবের এক সদস্য আহত হয়েছেন।

ইত্তেফাক/এমআরএম