মেহেরপুরের হোটেলে পুলিশ পরিচয়ে লুট

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২০:৫৭
মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকার একটি আবাসিক হোটেলে অবস্থানকালে কথিত দু’ভাই-বোনকে মারধর করে ল্যাপটপ, মোবাইল ফোন ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়ার ঘটনা ঘটেছে। জানা গেছে, কুষ্টিয়ার ইবি থানার দহখোলা গ্রামের রানা (২৮) ও একই থানার এক গৃহবধূ গত বৃহস্পতিবার রাতে মেহেরপুর শহরের হোটেল বাজার এলাকায় অবস্থিত এজাজ আবাসিক হোটেলে নিজেদের ভাই-বোনের পরিচয় দিয়ে একই কক্ষে রাত্রি যাপন করে। গতকাল শুক্রবার ভোরের দিকে ৩ যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে ওই কক্ষে হামলা চালিয়ে তাদের বিরুদ্ধে অবৈধ কাজে লিপ্ত থাকা মর্মে অভিযোগ তুলে তাদের মারধর করে এবং থানায় নেয়ার নাম করে বাইরে নিয়ে আসে। এসময় তাদের কাছে থাকা একটি ল্যাপটপ, একটি স্বর্ণের চেইন ও একটি মোবাইল ফোন জোর করে নিয়ে তাদেরকে একটি ইজিবাইকে তুলে দিয়ে মেহেরপুর থানায় আসতে বলে নিজেরা সটকে পড়ে। পরে রানা থানায় গিয়ে ঘটনা খুলে বলে। তাদের অভিযোগের প্রেক্ষিতে মেহেরপুর সদর থানা পুলিশ এজাজ হোটেল থেকে হোটেল বয় মিল্টনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়। এসময় মিল্টন জানায়, মেহেরপুর শহরের বাসস্ট্যান্ডপাড়ার হিরোক ও মল্লিকপাড়ার তুহিনসহ ৩ যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে দরজা খুলতে বাধ্য করে। পরে দরজা খুলে দিলে তারা দু’জনকে মারধর করে নিচে নামায় এবং তাদের কাছ থাকা মালামাল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এদিকে মেহেরপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর পদের উপনির্বাচন শেষ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এ নির্বাচনে সৈয়দ মঞ্জুরুল কবির রিপন (হরিণ) জয়লাভ করেছেন। ভোটে সৈয়দ মঞ্জুরুল কবির রিপন (হরিণ) ৯০৪ ভোট পেয়ে জয়লাভ করেছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুস সাত্তার মুক্তা ৫০৬ ভোট, নিহত বিপুলের মা শাহিদা বেগম পান্না ১৭৭ ভোট ও মোস্তাফিজুর রহমান বাবুল ১২৩ ভোট পান।