রাজশাহী পুঠিয়া উপজেলার কিসমত জামিরা গ্রামে জুয়া খেলতে নিষেধ করায় বানেশ্বর কলেজের ডিগ্রী দ্বিতীয় বর্ষের ছাত্র ইব্রাহিম হোসেনকে (২২) কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে গ্রামের একটি কলাবাগানে এই হত্যাকাণ্ড ঘটে। এসময় শিমুল (২২), আনারুল (২৫), নাসিম (১৮) ও বিজয় (১৮) আহত হয়েছেন। শিমুলকে গুরুতর অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর্জা আব্দুস সালাম বলেন, ‘কিসমত জামিরা গ্রামের গাফফার তার কলার বাগানে একই গ্রামের মুকুল ও মোফাজুলসহ কয়েকজনকে নিয়ে প্রতি সন্ধ্যায় জুয়ার আসর বসাতো। বৃহস্পতিবার সন্ধ্যায় ইব্রাহিম ও আহতরা ওই কলার বাগানে গিয়ে তাদের জুয়া খেলতে নিষেধ করে। এ নিয়ে উভয়পক্ষে কথা কাটাকাটির একপর্যায়ে গাফফার, মুকুল, মোফাজুল ও তাদের সহযোগীরা ধারালো হাসুয়া, ফলা দিয়ে ইব্রাহিমের ঘাড়ে ও মেরুদণ্ডে আঘাত করে এবং অপর চার যুবককে মারপিট করে। এ ঘটনায় গুরুতর আহত ইব্রাহিম ও শিমূলকে স্থানীয় লোকজন উদ্ধার করে রামেক হাসপাতালে আনে। হাসপাতালের জরুরি বিভাগের চিকিত্সকরা ইব্রাহিমকে মৃত ঘোষণা করে এবং শিমূলকে ভর্তি করে।
