চরভদ্রাসনে খাদ্যে বিষক্রিয়ায় বার জন অসুস্থ

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২০:৫৯
চরভদ্রাসন উপজেলা সদরের পাশে শোঁনপাচা গ্রামে রাতের খাবার খেয়ে একই পরিবারের শিশুসহ ১২জন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার সন্ধ্যায় নুর মোহাম্মদের (৬০) বাড়িতে উক্ত ঘটনা ঘটে। সূত্র জানায়, উক্ত বাড়িতে সন্ধ্যায় ঝোলা কাঁধে অপরিচিত এক মহিলা আসে এবং ভাত খেতে চায়। বাড়ির গৃহকর্ত্রী মহিলাকে খেতে দিলে এক পর্যায়ে উক্ত মহিলা খাবারের থালা হাতে নিয়ে রান্না ঘরে প্রবেশ করে এবং খাবারগুলো চারপাশে ছিটিয়ে ফেলে দেয়। বাড়ির লোকজন তাকে বাড়ি থেকে জোর করে বের করে দেয় ও সকলে রাতের খাবার খায়। কিছুক্ষণের মধ্যেই একে একে বাড়ির মহিলা, পুরুষ ও শিশুসহ মোট ১২জন লোক অসুস্থ হয়ে পড়ে। অসুস্থরা সকলে চরভদ্রাসন সরকারি হাসপাতালে চিকিত্সাধীন রয়েছে। রোগীদের ব্যাপারে ডাঃ হাফিজুর রহমান বলেন, খাবারের সাথে ঘুমের ওষুধ জাতীয় দ্রব্য থাকায় এরা সকলে অসুস্থ হয়ে পড়েছে।