লামায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১২ হাজার কেজি নতুন-পুরাতন বই কালো বাজারে পাচারকালে বইসহ ২ ব্যক্তিকে আটক করেছে জনতা। পরে ২ পাচারকারীকে থানা-পুলিশের হাতে তুলে দেন লামা উপজেলা নির্বাহী অফিসার। আটককৃতরা হলেন মো. ইউসুফ (৪১) ও আবুল হোসেন (৪৫)। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস থেকে ট্রাক ভর্তি করে পাচারের সময় লামা বাজার চৌরাস্তা মোড় থেকে এ বই আটক করা হয়। পাচারকৃত বইয়ের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।
জানা গেছে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার প্রাথমিক স্তরের ব্যবহার অযোগ্য ও বাতিলকৃত পাঠ্যপুস্তুক প্রতি কেজি ১৫টাকা দশ পয়সা হারে মেসার্স সোহেল এন্ড ব্রাদার্স নামক একটি ঠিকাদারী প্রতিষ্ঠানকে কার্যাদেশ প্রদান করেন। গত বৃহস্পতিবার উপজেলা চেয়ারম্যান, নির্বাহী অফিসারকে অবহিত না করে এবং কোন ধরনের পরিমাপ ছাড়া ১২ হাজার কেজি বই গোপনে ট্রাক ভর্তি করে চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। এ সময় জনতা বিষয়টি আঁচ করতে পেরে ট্রাকভর্তি বই আটক করে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে খবর দেয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও উপজেলা শিক্ষা অফিসার গোপন আতাতের মাধ্যমে ধৃত দুই পাচারকারীর সহযোগিতায় নামমাত্র নিলাম মূল্য দেখিয়ে বই পাচার করছিলেন বলে প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে।
