৪৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গোলাম কিবরিয়া নামে এক ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নগরকান্দা থানা পুলিশ। অপরদিকে আরো দুই ছিনতাইকারী সাইফুল আলম শান্ত ও শাহিন মাতুব্বরকে পুলিশ খুঁজছে। ঘটনার বিবরণে জানা যায়, গত মঙ্গলবার সিমেন্ট ব্যবসায়ী হাসেম এন্ড সন্স কোম্পানির দুই সেলস ম্যানেজার বাবুল ও মিজান সদরপুর-নগরকান্দা ব্যবসায়ীদের কাছ থেকে বাকি আদায়ের ৪৫ লাখ টাকা নিয়ে ফরিদপুরের দিকে মোটরসাইকেলযোগে যাচ্ছিলেন। পথিমধ্যে সন্ধ্যার দিকে লেংড়ার মোড় কালিবাড়ি এলাকায় পৌঁছালে ২টি মোটরসাইকেলযোগে ৫/৬ জন সন্ত্রাসী তাদের গতিরোধ করে টাকার ব্যাগটি ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এ সময় বাবলু রায় টাকার ব্যাগটি না দিলে সন্ত্রাসীরা ১ রাউন্ড গুলি করে এবং মারপিট করে টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে দ্রুত পালিয়ে যায়।
