ভূঞাপুরের দুই কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে ছিনতাই

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২১:০১
বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ি নামক স্থানে শুক্রবার ভোর ৫টার দিকে দুই কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে ১লাখ ৪০ হাজার টাকা ও ৪০টি জামদানী শাড়ি ছিনতাই করেছে দুর্বৃত্তরা। আহত কাপড় ব্যবসায়ী মাজম তালুকদার (৪৩) ও নুর মোহাম্মদকে (৪২) ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাদের বাড়ি ভূঞাপুর উপজেলার সার পলশিয়া গ্রামে। জানা যায়, ভূঞাপুর উপজেলার সার পলশিয়া গ্রামের কাপড় ব্যবসায়ী মাজম তালুকদার ও নুর মোহাম্মদ শুক্রবার ভোর ৫টার দিকে কালিহাতী উপজেলার জোকারচর বাজারে কাপড় ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে রওনা হয়। তারা ভূঞাপুর-বঙ্গবন্ধু সেতু সংযোগ সড়কে পৌঁছলে আগে থেকে একটি মাইক্রোবাস নিয়ে ওত পেতে থাকা ৪ ছিনতাইকারী জোকারচর যাবে বলে ওই দুই ব্যবসায়ীকে তাদের মাইক্রোবাসে উঠায়। বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার নিকটবর্তী কালিহাতী উপজেলার আনালিবাড়ি এলাকায় মাইক্রোবাসটি পৌঁছালে ছিনতাইকারীরা ওই দুই কাপড় ব্যবসায়ীকে কুপিয়ে গুরুতর আহত করে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা ও ৪০টি জামদানী শাড়ি লুট করে।