অষ্টম বাংলাদেশ গেমস সাইক্লিংয়ে গতকাল শুক্রবার দ্বিতীয় দিনে আরেকটি জাতীয় রেকর্ড হয়েছে। এ নিয়ে তিনটি রেকর্ড হলো সাইক্লিংয়ে।
গতকাল বিকালে পুরুষদের ১২০০ মিটার অলিম্পিক স্প্রিন্টে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) এর রিপন কুমার, মনোয়ার হোসেন ও সিরাজুল ইসলাম মিলে ০১:৪৩.২৬ সময় নিয়ে নতুন রেকর্ড গড়েন। আগের রেকর্ডটি ছিল ০১:৪৩.২৮।
বাংলাদেশ আনসার কালকের আটটি ইভেন্টের মধ্যে ৫টিতে স্বর্ণ জিতেছে। দুই দিনে আটটি স্বর্ণ, তিনটি রৌপ্য ও পাঁচটি ব্রোঞ্জ জিতে পদক তালিকায় শীর্ষে স্থান নিয়েছে আনসার। এছাড়া বিজেএমসি তিনটি, বিজিবি দুটি ও ঢাকা জেলা পেয়েছে একটি স্বর্ণ।
গত এসএ গেমসের আলোচিত সাইক্লিস্ট চিংবাই মারমা এবারও ট্র্যাকে নেমেছেন। তিনি বিজেএমসিতে খেলছেন এবং একটি দলগত ইভেন্টে রৌপ্য পেয়েছেন।
গতকাল সকালের সেশনে ৪০০০ মিটার ইন্ডিভিজুয়াল পারস্যুট ইভেন্টে বিজেএমসির মিজানুর রহমান, ২০০০ মিটার ইন্ডিভিজুয়াল পারস্যুট ইভেন্টে আনসারের শরিফা আক্তার তানিয়া, এলিমিনেশন রেস এ আনসারের তরিকুল ইসলাম ও আকাশী সুলতানা স্বর্ণ পদক জেতেন। বিকালে ১২০০ মিটার টিম টাইম ট্রায়ালে ও ১২০০ মিটার মহিলা অলিম্পিক স্প্রিন্টে বাংলাদেশ আনসার স্বর্ণ পদক জিতে নেয়।
চার দিনব্যাপী গেমস সাইক্লিং শেষ হবে রবিবার। —বাসস
