টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করে নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ অ্যাডভোকেট গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল শুক্রবার বিকাল ৩টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়ায় পৌঁছে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিন বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করে। বাজানো হয় বিউগল। এ সময় রাষ্ট্রপতি বঙ্গবন্ধুর কবরের পাশের বেদীতে নীরবে দাঁড়িয়ে থাকেন।
সামরিক কায়দায় সশস্ত্র সালাম প্রদানের পর রাষ্ট্রপতি পবিত্র ফাতেহা পাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করেন। রাষ্ট্রীয় এসব কর্মসূচি শেষে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধি সৌধে রক্ষিত মন্তব্য বইতে রাষ্ট্রপতি স্বাক্ষর করেন। এ সময় তিন বাহিনীর প্রধানগণ, পদস্থ সামরিক-বেসামরিক কর্মকর্তা, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
রাষ্ট্রিয় আনুষ্ঠানিকতা শেষে রাষ্ট্রপতি কিছু সময় টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু ভবনে কাটান। বিকাল ৪টা ২৫ মিনিটে রাষ্ট্রপতি টুঙ্গিপাড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন।
