দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের হুমকি

আপডেট : ২৬ এপ্রিল ২০১৩, ২২:৩৯
বিভিন্ন দাবি আজ শনিবারের মধ্যে মানা না হলে আগামীকাল রবিবার থেকে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেয়া হবে বলে হুমকি দেয়া হয়েছে। খুলনা জেলা বাস- মিনিবাস কোচ মালিক সমিতির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল শুক্রবার এ হুমকি দেয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে—সরকারি করের ওপর ভ্যাট প্রত্যাহার, পরিবহনের রেজিস্ট্রেশন, ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট দফায় দফায় বৃদ্ধি না করা, সরকার কর্তৃক গাড়ির কাগজপত্র নবায়নের বিলম্ব ফি মওকুফ, অগ্রিম আয়কর হ্রাস, বাস-মিসিবাসের যন্ত্রাংশের মূল্য হ্রাস এবং যেসব সড়কে বাস-মিনিবাস চলাচল করে এবং বিআরটিএ কর্তৃক নির্ধারিত রুট পারমিট রয়েছে সেসব সড়ক-মহাসড়কে নসিমন, করিমন, মাহেন্দ্র, ভটভটি ও ইজিবাইক চলাচল বন্ধ করতে হবে। আন্দোলন কর্মসূচি গ্রহণ ও সফলের লক্ষ্যে গত বৃহস্পতিবার বিকালে খুলনা জেলা বাস-মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির প্রধান কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন মালিক সমিতির সহ-সভাপতি মো. আবুল কালাম আজাদ কামাল। সভা পরিচালনা করেন সমিতির যুগ্ম-সম্পাদক আনোয়ার হোসেন সোনা। বক্তৃতা করেন সমিতির কার্যকরী সভাপতি মো. মিরাজউদ্দিন, সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন প্রমুখ।