যাত্রা শুরু করছে ‘নতুন মারাকানা’

আপডেট : ২৭ এপ্রিল ২০১৩, ২১:৪২
বিশ্বকাপজয়ী দুই তারকা রোনালদো এবং বেবেতোর নেতৃত্বাধীন দুই দলের প্রদর্শনী ম্যাচের মধ্য দিয়ে আগামীকাল থেকে নতুনভাবে যাত্রা শুরু করতে যাচ্ছে ব্রাজিলের রিও ডি জেনিরোর ঐতিহ্যবাহী মারাকানা স্টেডিয়াম । ১৯৫০ বিশ্বকাপের জন্য নির্মিত এ স্টেডিয়ামটি আধুনিকায়নের জন্য গত দুই বছর বন্ধ ছিল। আগামী বছর নিজেদের মাঠে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে বেশ কয়েকটি স্টেডিয়াম ভেঙ্গে-চুরে নতুনভাবে নির্মাণের সিদ্ধান্ত নেয় ব্রাজিল ফুটবল কনফেডারেশন। রিও’র মারাকানাও সেগুলোর মধ্যে একটি। বিশ্বকাপের ফাইনালসহ রাজসূয়া এ আসরটির প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে পরিচিত কনফেডারেশন্স কাপের ফাইনাল এবং বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হবে এ স্টেডিয়ামে। এই লক্ষ্যে তিন দফা পরীক্ষার প্রথমটি হিসেবে আয়োজন করা হচ্ছে এই প্রদর্শনী ম্যাচের। এ সময় দর্শকসারিতে ২৫০০০ দর্শকের মধ্যে স্টেডিয়ামের নির্মাণ শ্রমিকদের স্বজনদের পাশাপাশি থাকবেন ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রৌসেফও। আগামী ১৫ মে দ্বিতীয় দফা পরীক্ষার পর ব্রাজিল-ইংল্যান্ড প্রীতি ম্যাচের মাধ্যমে আগামী ২রা জুন হবে তৃতীয় পরীক্ষামূলক ম্যাচ। মূল আয়োজনের আগে পরীক্ষামূলক ম্যাচের প্রয়োজনীয়তা উল্লেখ করে রিওর প্রাদেশিক সরকার একটি বিবৃতিতে জানায়,‘দলগুলোর সুযোগসুবিধা এবং অবকাঠামোগত বিভিন্ন দিক পরীক্ষা করে দেখার জন্যই এই ম্যাচ আয়োজন করা হচ্ছে। যাতে মাঠটাতে প্রয়োজনীয় পরিবর্তন সেড়ে উদ্বোধনের আগেই এটাকে সম্পূর্ণভাবে প্রস্তুত করা যায়।’ উল্লেখ্য প্রায় দুই লাখ দর্শকের উপস্থিতিতে ঐতিহাসিক এই স্টেডিয়ামেই অনুষ্ঠিত হয় ১৯৫০ বিশ্বকাপের শেষ ম্যাচটি। দর্শক সংখ্যার বিচারে যা এখনো বিশ্বরেকর্ড হয়ে আছে। তবে নতুনভাবে সাজানোর পরে এই স্টেডিয়ামের দর্শক ধারণ ক্ষমতা কমে ৭৮,৮৩৮ এ পরিণত হবে। এএফপি