রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) গাছ থেকে লিচু পাড়া নিয়ে স্থানীয়দের হামলায় ছাত্রলীগের ৭ নেতাকর্মী আহত হয়েছেন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হলের উত্তর দিকে অবস্থিত কর্মকর্তা কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এদের মধ্যে গুরুতর আহত হয়েছেন মাহমুদুর রহমান কানন। তিনি রাবি ছাত্রলীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং আইন বিভাগের ছাত্র। আর মারধরের শিকার অন্যদের মধ্যে মেহেদী হাসান, ইমরান ও আকাশের নাম জানিয়েছে রাবি ছাত্রলীগের নেতারা। তারাও ছাত্রলীগের নেতাকর্মী। তবে তাদের পুরো পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
অপরদিকে, মারধরকারীদের নাম-পরিচয় জানাতে পারেনি ছাত্রলীগের নেতাকর্মীরা। তবে হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে গাছগুলো লিজ নিয়ে পাহারা দিচ্ছিল বলে জানান ছাত্রলীগ নেতারা।
তবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, ‘এ বছর গাছ লিজ দেয়া হয়েছে ঠিক। তবে যারা লিজ নিয়েছেন, তাদেরকে মৌখিকভাবে বলা হয়েছে- শিক্ষার্থীরা যদি কেউ খাওয়ার জন্য অল্প কিছু পাড়তে যায়, তবে যেন তাদের সঙ্গে দুর্ব্যবহার না করা হয়।’
আরো পড়ুন : নারী কর্মীকে দিয়ে শরীর ম্যাসেজ, রেলের সাব-ইন্সপেক্টর বরখাস্ত
রাবি ছাত্রলীগের যুগ্ম-সম্পাদক সাব্বির হোসেন বলেন, ‘সন্ধ্যার পরে বিষয়টি শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে বিভিন্ন জনের সঙ্গে কথা বলে জেনেছি- ছাত্রলীগ নেতা কানন, মেহেদী, ইমরানসহ বিশ্ববিদ্যালয়ের ৭/৮ জন ছাত্র রোকেয়া হলের পাশে কর্মকর্তাদের কোয়ার্টার এলাকায় লিচু খেতে যায়। তারা লিচু পাড়তে গেলে, সেখানে থাকা স্থানীয়রা তাদেরকে বাধা দেয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় ৮/১০ অপরিচিত ব্যক্তি লাঠিসোঠা ও রড নিয়ে শিক্ষার্থীদের ওপর হামলা করে।’
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়ার বলেন, ‘সবাইকে হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পরে বিস্তারিত জেনে এ ব্যাপারে পদক্ষেপ নেবে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ।’
ইত্তেফাক/ইউবি
