হবিগঞ্জে লেবু চাষের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে। রত্নগর্ভা বৃহত্তর সিলেটের অন্যতম জেলা হবিগঞ্জ। অফুরন্ত প্রাকৃতিক সম্পদে ভরপুর এ জেলার পাহাড়িয়া এলাকার বিস্তীর্ণ ভূমিতে এখন লেবু চাষ হচ্ছে। উত্সাহী লেবু চাষীরা হবিগঞ্জের পাহাড়িয়া এলাকায় নতুন নতুন লেবু বাগান গড়ে তুলছেন। খাসিয়া উপজাতির লোকেরা লেবু চাষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভরা মৌসুমে মুছাই বাজারের আড়তে বিভিন্ন জাতের প্রচুর লেবু পাওয়া যায়। স্বাধীনতা পরবর্তীকালে ফয়েজাবাদ এলাকায় লেবু চাষ প্রসারলাভ করে। সারা বছরই ফয়েজাবাদ পাহাড় এলাকায় উত্পাদিত প্রচুর পরিমাণ লেবু প্রতিদিন মুছাই খাসিয়াপুঞ্জি বাজার হয়ে শ্রীমঙ্গলের আড়তসমূহে পৌঁছায়। বর্তমানে এ এলাকায় প্রায় ১ হাজার ৫শ হেক্টর জমিতে কাগজি লেবু, আদা লেবু, পাতি লেবু ও কাটা লেবু উত্পাদিত হচ্ছে। বৃহত্তর সিলেটের বিভিন্ন স্থানে প্রায় ৪ হাজার হেক্টর জমিতে লেবু চাষ হচ্ছে। বৃহত্তর সিলেটের পাহাড়িয়া এলাকায় বেলে দো-আঁশ মাটি লেবু চাষের জন্য অত্যন্ত উপযোগী।
