জামালপুর প্রতিনিধি
জামালপুর শুল্ক বিভাগের দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও ব্যবসায়ীদের মিথ্যা হয়রানি করার প্রতিবাদে জামালপুর জেলার বকশিগঞ্জের কামালপুর স্থলবন্দর এলসি ব্যবসায়ীরা আমদানি-রফতানি বন্ধ করে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দিয়েছেন। রফতানিকারক সমিতির সংশ্লিষ্টরা জানিয়েছে, গত ২৬ এপ্রিল থেকে ওই ধর্মঘটের ডাকে আমদানি-রফতানি সম্পূর্ণ বন্ধ রাখেন তারা। কামালপুর এলসি স্টেশন শাখার আমদানি—রফতানিকারক সমিতির সাধারণ সম্পাদক হাসান জুবায়ের হিটলার জানিয়েছেন, সম্প্রতি জেলা শুল্ক বিভাগে সহকারি কমিশনার পদে তপন চন্দ্র দে কামালপুরে যোগদানের পর থেকে স্থলবন্দরে ব্যবসায়ীদের মিথ্যা হয়রানি করে তিনি অবৈধ টাকা দাবি করে থাকেন। এ ব্যাপারে জামালপুর সার্কেলের সহকারি কমিশনার শুল্ক সার্কেল তপন চন্দ্র দে তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, এটা তাদের বন্দর সমিতির অভ্যন্তরিণ কোন্দলে ধর্মঘট করা হয়েছে। আমদানি-রফতানিকারক সমিতি কামালপুর এলসি স্টেশন শাখার সভাপতি কৃষিবিদ আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন জানান, এই বন্দরে কোন চাঁদাবাজি হয় না। সহকারি কমিশনার শুল্ক জামালপুর সার্কেল অঞ্চল তপন চন্দ্র দে নিজের অপকর্ম ঢাকার জন্য এসব কথা বলছেন। দুর্নীতিপরায়ণ কর্মকর্তার অপসারণ না হওয়া পর্যন্ত এ ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানান।
