সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার ঢাকা-আরিচা মহাসড়ক পাশে নয়াডিঙ্গি নামক স্থানে তারাসীমা এ্যাপারেলস লিমিটেড পোশাক কারখানার ভবনে ফাটল দেখা দেয়ায় ভ্রাম্যমাণ আদালত গতকাল শনিবার কারখানাটি সীলগালা ও বন্ধ করে দেন হয়েছে। জানা যায়, সাভারের রানা প্লাজা ধসে পড়ার পর পোশাক কারখানাগুলোতে ভয়াবহ আতঙ্ক বিরাজ করছে। এরই ধারাবাহিকতায় উপজেলার তারাসীমা এ্যাপারেলস লিমিটেডের নবনির্মিত ৫ তলা ভবনের বিভিন্ন জায়গায় ফাটল দেখা দেয়ায় শ্রমিকরা আতঙ্কিত হয়ে পড়ে। তারা বিষয়টি তারসীমা কর্তৃপক্ষের নজরে আনলে কর্তৃপক্ষ বিষয়টি আমলে না নেয়ায় শ্রমিকরা সাটুরিয়া উপজেলা চেয়ারম্যানের কাছে অভিযোগ দায়ের করে। উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মজিদ ফটো, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জিয়াউর রহমান কারখানার ভবনটি পরিদর্শন শেষে সীলগালা করে বন্ধ করে দেয়। এ ব্যাপারে তারাসীমা কর্তৃপক্ষ জানান, ভবনের কিছু জায়গায় প্লাস্টারে ফাটল দেখা দিয়েছে ও মেরামত করা হয়েছে। একটি মহল এ কারখানার সুনাম নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগ করেছে।
